রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট শব্দ। রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনের সড়কে বিস্ফোরিত হলো ককটেল। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি, হয়নি কোনো ক্ষয়ক্ষতিও। ঘটনার পরপরই অভিযান চালিয়ে চার তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের তিনটি ছেঁড়া অংশও উদ্ধার করা হয়েছে।

বুধবার(১১ নভেম্বর) সকালে এ তথ্য জানান পুলিশ।পুলিশ বলছেন-গত সোমবার রাতে উপজেলার গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুরোনো সোনালী ব্যাংকের মোড় এলাকা থেকে চার তরুণকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মো. রাকিবুজ্জামান রাকিব (২০), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার মো. আসয়োত মুবিন স্বরূপ (১৯), গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় (২১) এবং রংপুর নগরীর মহাদেবপুর এলাকার মো. নাহিদ হোসেন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সরকারী কলেজের মূল ফটকের সামনের সড়কে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুরোনো সোনালী ব্যাংকের মোড় এলাকা থেকে সন্দেহভাজন চার তরুণকে আটক করা হয়।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে লাল রঙের গাম টেপে মোড়ানো বিস্ফোরিত ককটেলের তিনটি ছেঁড়া অংশ উদ্ধার করে পুলিশ। তবে কী উদ্দেশ্যে এবং কারা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এলাকায় বিস্ফোরকসদৃশ বস্তু ব্যবহারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনার সময় কলেজে শিক্ষার্থী বা সাধারণ মানুষের উপস্থিতি ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, এ ঘটনায় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।