চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) হোল্ডিং ট্যাক্স নির্ধারণে নজিরবিহীন জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। সরকারি নথিতে ইচ্ছেমতো ঘষামাজা এবং সরাসরি সাদা ফ্লুইড ব্যবহার করে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন কম দেখানো হয়েছে। এর মাধ্যমে প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে চসিকের ৬ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সৈয়দ আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
যেভাবে চলত জালিয়াতির সিন্ডিকেট
দুদকের এজাহার ও অনুসন্ধানী প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রভাবশালী দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কম কর আদায়ের সুবিধা পাইয়ে দিতে চসিকের ভেতরের একটি চক্র এই জালিয়াতি চালায়। প্রধান কার্যালয় থেকে মূল মূল্যায়ন প্রতিবেদন সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলে পৌঁছানোর পর নথি, ফাইল ও আপিল ফরমে ঘষামাজা করা হতো। কোথাও কোথাও আবার মূল অঙ্ক মুছে ফেলতে ব্যবহার করা হতো সাদা ফ্লুইড। পরে কৃত্রিমভাবে কমিয়ে দেওয়া সেই অঙ্কের ওপর ভিত্তি করে কর নির্ধারণ করা হতো।
যে দুটি প্রতিষ্ঠান জড়িয়েছে
১. ইকবাল ট্রেড লিমিটেড: এই প্রতিষ্ঠানের ১৫১/এ/৫৪ নম্বর হোল্ডিংয়ের প্রাথমিক বার্ষিক মূল্যায়ন নির্ধারণ করা হয়েছিল ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। কিন্তু ফাইল কারসাজি করে তা নামিয়ে আনা হয় মাত্র ৫ কোটি ৮ লাখ ৪ হাজার ৮০০ টাকায়। ফলে এক ধাক্কায় মূল্যায়ন কমে যায় ২০ কোটি ৫৯ লাখ টাকার বেশি। এভাবে ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে পরবর্তী ১৪ প্রান্তিকে চসিকের প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকার রাজস্ব লোকসান হয়েছে।
২. মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেড: দক্ষিণ মধ্যম হালিশহরের এই প্রতিষ্ঠানের (হোল্ডিং নম্বর ১৮১/৩০১) বার্ষিক মূল্যায়ন ২৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা থেকে কমিয়ে ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা করা হয়। ফিল্ড বুকের ১০ নম্বর পৃষ্ঠায় অত্যন্ত সুকৌশলে সাদা ফ্লুইড ব্যবহার করে আগের অঙ্ক মুছে এই জালিয়াতি করা হয়। এতে গত তিন বছরে চসিকের প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
আসামি যারা
এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে চসিকের বর্তমান ও সাবেক ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে। তারা হলেন—
রাজস্ব সার্কেল-৮-এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম
সাবেক উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের
রাজস্ব সার্কেল-৯-এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন
সার্কেল-৮-এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ
সার্কেল-৯-এর হিসাব সহকারী রূপসী রানী দেব
এবং মোহাম্মদ আহসান উল্লাহ।
এ ছাড়া জালিয়াতির মাধ্যমে কর ফাঁকির সুবিধাভোগী ইকবাল ট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকেও মামলার এজাহারে আসামি করা হয়েছে।
এ বিষয়ে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের সুনির্দিষ্ট নির্দেশে মামলা দুটি রেকর্ড করা হয়েছে। তদন্তে এ ঘটনার সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এ ধরনের অভিনব জালিয়াতি ও রাজস্ব হরিলুটের ঘটনায় চট্টগ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

মন্তব্য করুন