চট্টগ্রাম মহানগরীর গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ও ট্রেড লাইসেন্স ফি’র বকেয়া পরিশোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে করদাতা ও ব্যবসায়ীদের জন্য দেওয়া হয়েছে বড় ধরনের সুবিধা। বকেয়া কর ও ফি পরিশোধের ক্ষেত্রে শতভাগ সারচার্জ (বিলম্ব ফি) মওকুফের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
​আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নাগরিকরা এই বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। নির্ধারিত এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করলে করদাতা ও ব্যবসায়ীদের অতিরিক্ত কোনো সারচার্জ বা জরিমানা গুণতে হবে না।
​রোববার (৮ নভেম্বর) চসিকের রাজস্ব বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সারচার্জ মওকুফের এই বিষয়টি নিশ্চিত করা হয়।
​গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি নগরবাসীকে সময়মতো নিয়মিত কর পরিশোধে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মহানগরীর সংশ্লিষ্ট সকল গৃহকরদাতা ও ব্যবসায়ীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সারচার্জ ছাড়া বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের জন্য চসিকের রাজস্ব বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
​চসিক কর্মকর্তারা আশা করছেন, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে গতি আসবে এবং নগরবাসীও জরিমানা ছাড়া তাদের বকেয়া পরিশোধের সুযোগ পাবেন।