চট্টগ্রাম নগরের কোতোয়ালী মোড় ও ফলমুন্ডি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং কেনাবেচায় নানা অনিয়মের দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ নভেম্বর) দিনভর পরিচালিত বিশেষ তদারকি অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ২৫ হাজার টাকা আর্থিক দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কোতোয়ালী মোড় সংলগ্ন ‘দারুল আমান হোটেল’-এ মারাত্মক অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ দেখতে পান কর্মকর্তারা। এ অপরাধে হোটেলটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে কোতোয়ালী মোড়ের ফারুকের ফলের দোকানকে ১ হাজার টাকা এবং সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ফলমুন্ডি এলাকার আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার ও ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা গুণতে হয়।
এছাড়া পণ্যের সঠিক ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ‘শাহ মহসেন আউলিয়া ফার্ম’-কে ৬ হাজার টাকা এবং ‘মেহেদী এন্টারপ্রাইজ’-কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজারে শৃঙ্খলা ফেরানো এবং জনস্বার্থ রক্ষায় অধিদপ্তরের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন