চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে ড্রাম ট্রাকে পরিবহনের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার মামলার তদন্তে উঠে আসা তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
​গ্রেপ্তারকৃতরা হলেন— জোরারগঞ্জের ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী (৭ নম্বর ওয়ার্ড) এলাকার মো. মহসিন প্রকাশ সম্রাট (৫৭) ও তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং একই ইউনিয়নের ওসমানপুর (৪ নম্বর ওয়ার্ড) এলাকার ফাবিয়াতুল ফারাবি (২৪)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর চোরাচালানকালে ৩০১ বস্তা ইউরিয়া সারভর্তি দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরবর্তীতে মামলার তদন্তে এই তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মো. সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে পুলিশ জানায়, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন এই সার চালানের মূল বিষয়টি গ্রেপ্তারকৃত মহসিনকে জানান এবং স্থানীয়ভাবে সহায়তা করার অনুরোধ করেন। পরবর্তীতে মীরসরাই ইকোনমিক জোন এলাকার শওকত, আকবর ও সোহাগ নামের তিন ব্যক্তি ওই সার মহুরী প্রজেক্টের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচার করার লোভ দেখায়। সেই লোভে পড়ে মহসিন ও ফারাবিসহ অন্য সহযোগীরা সারগুলো পাচারের চেষ্টা চালান।
​বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের উপযুক্ত পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।