ভিনদেশি আধিপত্য মোকাবিলা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রার সূচনা হয়েছিল ৭ নভেম্বর।’
শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চসিকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মাটি ও মানুষকে মুক্ত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের এক অনন্য অধ্যায়। সেদিন সিপাহি-জনতা তাকে বন্দিদশা থেকে মুক্ত করে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। ৭ নভেম্বরের এই বিপ্লব দেশকে যেকোনো চক্রান্ত ও পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করেছিল।
সিটি প্রশাসক আরও বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা টিকিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সততা ও জাতীয় ঐক্যের পথ ধরে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আজ আমাদের নতুন করে শপথ নিতে হবে।’
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটনসহ চসিকের বিভিন্ন বিভাগের প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন