চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর ডোবায় পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই মাদ্রাসার এক শিক্ষিকা ও আরেকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।
​শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মহাসড়কের কেরানীহাটসংলগ্ন রেলবিট এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন— কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)।
​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘তিসা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস বার্ষিক শিক্ষাসফরের যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। ভোররাতে বাসটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশের গভীর ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়।
​দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে আসেন এবং উদ্ধার কাজে হাত দেন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, “সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ চালানো হয়। দুর্ঘটনায় দু’জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
​বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।