ফেনীর সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৭ নভেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের অধীন কেতুংগা, খেজুরা ও ছাগলনাইয়া বিওপির বিশেষ টহল দল একযোগে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। সীমান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
​জব্দ করা এসব চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
​ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি জব্দকৃত মদ ও শাড়ি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা ও চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।