রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্ভাব্য সব কারণ সামনে রেখে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফুটপাতে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে সিএনজিচালিত অটোরিকশায় আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলি ছোড়েন।

ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। ফলে তিনি অক্ষত রয়েছেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়। সেটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ। বর্তমানে গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার। তিনি সাংবাদিকদের জানান, কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, ঘটনার কারণ এখনো প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনার কাজ চলছে। আসিফ আকবরও এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতা, ব্যবসায়িক বিরোধসহ সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।