দেশের ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার অধীন ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য ৪১ কোটি ৩৮ লাখ টাকার বেশি বরাদ্দ চেয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম নয় মাসের পরিচালন ব্যয় মেটাতে এ অর্থ চাওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখা থেকে গত ১২ অক্টোবর অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে এ বরাদ্দের অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত এসব স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যসেবা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের মাধ্যমে কেন্দ্রগুলো গ্রহণ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বরাদ্দ চাওয়া অর্থ দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ওষুধ, চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম কেনা এবং প্রশাসনিক ব্যয় মেটানোর পরিকল্পনা রয়েছে।
২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য পরিচালন ব্যয় হিসাব করে এই অর্থ চাওয়া হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড তৈরি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট সিভিল সার্জনদের মাধ্যমে ব্যয়ের জন্য দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এখন অর্থ বিভাগের অনুমোদন ও বরাদ্দের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিচালন ব্যয়ের অর্থপ্রাপ্তি।

মন্তব্য করুন