ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, প্রতিবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন। প্রাণ হারাচ্ছেন অনেকে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের প্রাণহানি কমানো সম্ভব।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সফলতা অর্জন করেছে। একইভাবে সবাই একসঙ্গে কাজ করলে দেশের অন্যান্য সমস্যারও সমাধান করা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। ঘরের আনাচকানাচ, ছাদ, আশপাশের এলাকা ও রাস্তাঘাটে পড়ে থাকা বিভিন্ন পাত্রে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
তিনি আরও বলেন, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই কোটি শিক্ষার্থী ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের সদস্যরাও এ কার্যক্রমে অবদান রাখছেন। এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।
তারেক রহমান বলেন, সরকার একা নয়, দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই সমস্যার সমাধান করতে চায়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে।
দেশবাসীকে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে উদ্যোগ নিলে ডেঙ্গুর কারণে বহু মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব।

মন্তব্য করুন