সহ-অভিনেত্রী অনীত পাড্ডার জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেতা আহান পাণ্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনীতের কিছু অপ্রকাশিত ছবি ও ভিডিও শেয়ার করে তাকে ‘ব্রহ্মাণ্ডের উপহার’ বলে অভিহিত করেছেন তিনি। আহানের এই ভালোবাসাপূর্ণ বার্তাকে ঘিরে দুই তারকার সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন আহান ও অনীত। ছবিটি মুক্তির পর দুজনই ব্যাপক পরিচিতি পান। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয় নানা জল্পনা।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ছিল অনীতের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন আহান। পোস্টে অনীতের ব্যক্তিগত মুহূর্তের পাশাপাশি দুজনের একসঙ্গে ভ্রমণের ছবিও দেখা যায়।

অনীতকে উদ্দেশ করে আহান লেখেন, ‘তুমি আসলে ব্রহ্মাণ্ডের উপহার, অনীত।’ এরপর তিনি অনীতের কোমলতা ও চারপাশে আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতার প্রশংসা করেন। একই সঙ্গে কামনা করেন, বিশ্বব্রহ্মাণ্ডও যেন সব সময় অনীতের প্রতি কোমল থাকে।

আহানের এই পোস্ট প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। কেউ তার বার্তায় প্রেমের ইঙ্গিত খুঁজছেন, আবার কেউ অনীতের প্রতি আহানের মুগ্ধতার প্রশংসা করছেন। একাংশের প্রশ্ন, এই আবেগঘন বার্তার মধ্য দিয়ে কি নিজেদের সম্পর্কের বিষয়ে কোনো ইঙ্গিত দিলেন তারা?

তবে ভক্তদের এমন জল্পনার মধ্যেও নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আহান ও অনীত।

এর আগে এক সাক্ষাৎকারে অনীতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন আহান। সে সময় তিনি অনীতকে নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের প্রেমের সম্পর্কে জড়িত বলে মনে করলেও বাস্তবে তা নয়।

আহানের ভাষ্য অনুযায়ী, পর্দায় ভালো রসায়ন থাকলেই সেটিকে প্রেমের সম্পর্ক হিসেবে বিবেচনা করা ঠিক নয়। পারস্পরিক স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও মনের কথা প্রকাশ করতে পারার মতো বিষয়ও একটি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

অনীতকে প্রেমিকা হিসেবে স্বীকার না করলেও তার সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে উল্লেখ করেছিলেন আহান। এবার জন্মদিনে এমন আবেগঘন বার্তা দেওয়ায় পুরোনো সেই বক্তব্যের পর নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

তবে আহান ও অনীতের সম্পর্কের প্রকৃত অবস্থান জানতে এখনো তাদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় থাকতে হচ্ছে।