বিশ্বের ১২৬টি দেশের বিভিন্ন শহরের বায়ুদূষণের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। ঢাকাসহ তালিকার প্রথম সারিতে থাকা বেশ কয়েকটি শহরের বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুমান সূচকে এ চিত্র উঠে এসেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে কলকাতা। ১৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।
এ ছাড়া ১৭৮ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় তৃতীয় এবং ১৭৩ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা চতুর্থ অবস্থানে রয়েছে। পাকিস্তানের লাহোর ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
অন্যদিকে, ১৬৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এসব স্কোরই বায়ুর অস্বাস্থ্যকর অবস্থাকে নির্দেশ করে।
প্রতিষ্ঠানটির বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বায়ুমানের নির্দেশক।

মন্তব্য করুন