সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকদের জীবন ও স্থাপনা লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহিংসতা বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে।