প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি আয়োজনের কথা ছিল। এ লক্ষ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল কর্তৃপক্ষ। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় স্থগিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন