ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর রানওয়েতে আবারও বিমান চলাচল শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রানওয়ে বন্ধ করা হয়। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে রানওয়ে খুলে দেওয়া হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে অপেক্ষা করছিল। রানওয়ে চালু হওয়ার পর ফ্লাইটটি অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইটও অবতরণ শুরু করে।
এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮-৪০০ উড়োজাহাজ জরুরি অবতরণ করে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রা করা উড়োজাহাজটির দুপুর আড়াইটায় অবতরণের কথা ছিল। তবে ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। প্রায় ৪০ মিনিট ঢাকার আকাশে চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ফ্লাইটটির সব যাত্রী ও ক্রু নিরাপদে অবতরণ করেছেন। অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়েছিল।

মন্তব্য করুন