দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬ জন রোগী।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকায় ৫২৮ জন, চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১০৪ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৪২ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহীতে ১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৩২৮ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্য করুন