বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপন দরপত্র ফাঁস, সিন্ডিকেট গঠন এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ঢাকার মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, অভিযানের সময় অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এনসিটিবির সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং এনসিটিবির ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ প্রয়োজনীয় বিভিন্ন রেকর্ড রয়েছে।
অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সংগৃহীত নথিপত্র ও তথ্য পর্যালোচনা করবে দুদকের এনফোর্সমেন্ট টিম। এরপর অভিযোগের সত্যতা ও আর্থিক অনিয়মের মাত্রা যাচাই করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
দুদক জানিয়েছে, তদন্তে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন