দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বড়গ্রাম, দাইনুর, রসুলপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।