জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ—শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির আগে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় আন্দোলনের পর তাঁরা শাকসু কার্যালয়ে অবস্থান নেন।

পরে শাকসু নির্বাচন কমিশনের কমিশনাররা কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তবে দীর্ঘ আলোচনা হলেও নির্বাচন বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা। এ সময় কমিশনাররা শিক্ষার্থীদের ধৈর্য ধরতে এবং অপেক্ষা করতে বলেন।

বর্তমানে শিক্ষার্থী ও শাকসু নির্বাচন কমিশনের সদস্যরা শাকসু কার্যালয়েই অবস্থান করছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের আগমনের অপেক্ষায় রয়েছেন। তাঁর সঙ্গে আলোচনার পরই শাকসু নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।