বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষ একটি আত্মনির্ভরশীল ও স্বনির্ভর বাংলাদেশ দেখতে পাবে। বাংলাদেশি জাতিসত্তার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশের কথা ভেবেছিলেন, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, স্বাধীনতা ও স্বতন্ত্র জাতিসত্তায় বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।

রোববার (২৮ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন এখানকার মানুষ নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, শিল্প-কারখানা, কৃষিবান্ধব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে এলাকাকে উন্নত করতে হলে সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এসব উন্নয়ন বাস্তবায়নের জন্য বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। বিএনপি সরকার গঠন করলে এবং জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তাহলে সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়নে তিনি আপ্রাণ চেষ্টা করে যাবেন। দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন ভোটারদের ভোটমুখী করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদনি, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ হুমায়ুন জামাল, কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পঞ্চভ্রাবাড়ী বুধবারি বাজারে অনুষ্ঠিত বাৎসরিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, সিলেট একটি শান্তি ও রাজনৈতিক সম্প্রীতির শহর। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে এখানে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, এদেশে বসবাসকারী সব মানুষের সমান অধিকার রয়েছে। সব ধর্মের মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং শিক্ষা, চিকিৎসাসহ সব মৌলিক সুযোগ-সুবিধা পায়—তা নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব।

এছাড়াও তিনি কোম্পানীগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাখজানুল উলূম কলাবাড়ি মাদ্রাসার ৫২তম বার্ষিক জালসা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মছব্বির, শায়খুল হাদিস আতাউর রহমান, হাফিজ মাওলানা জামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।