চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে প্রাথমিক ঘোষণার পর প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান দলীয় মনোনয়ন পেয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি জানান, দলীয় কৌশল ও সাংগঠনিক বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে।

এর আগে শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন চট্টগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র প্রদর্শন করেন।

দলীয় সূত্র জানায়, পূর্বে চট্টগ্রাম-১০ আসনে ঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ায় খসরু চৌধুরীকে বন্দর-পতেঙ্গা আসনে প্রার্থী করা হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আসলাম চৌধুরী বলেন, “দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অবদানের কথাও স্মরণ করেন।

তবে প্রার্থী পরিবর্তন বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। সে সময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ছিল।