হেডিংলি টেস্টে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দাপুটে এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পৌঁছে দেন জয়ের দুয়ারে বেন ডাকেট। ১৭০ বলে ১৪৯ রানের দারুণ ইনিংসটি সাজিয়েছেন ডাকেট ২১টি বাউন্ডারি ও একটি ছক্কার মারে। তারকা এ ওপেনারকে সঙ্গ দিয়ে যাওয়া জ্যাক ক্রলি অবশ্য বেশি দূর এগোতে পারেননি। জাদুকরী তিন অঙ্কের আভাস দিয়ে তিনি ফিরে যান ফিফটি আদায় করে। সাজঘরের পথে হাঁটার আগে ১২৬ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৬৫ রানের দারুণ এক কার্যকরী ইনিংস।
বেন ডাকেট জয়ের ভিত গড়ে দেওয়ার পর বেন স্টোকস যোগ করেন ৩৩ রান। জয়ের ছিনিয়ে নেওয়ার আনুষ্ঠানিকতা অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জো রট (৫৩*) ও জেমি স্মিথ (৪৪*)। তাতে ৫ উইকেট হারিয়ে ৩৭৩ রান তুলে জয়ের বন্দরে পা ইংল্যান্ড।
ভারতের হয়ে দুটি উইকেট শিকার করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুরও।
এর আগে ২১ রান নিয়ে আজ মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১২ রান ও বেন ডাকেট ৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।
যশস্বী জয়সওয়াল, শুবমান গিল আর রিশভ পান্তের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৭১ রানের বিশাল পুঁজি গড়ে ভারত। জবাবে অলি পোপের দারুণ শতকের সুবাদে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে দাঁড় করায় ৪৬৫ রানের সংগ্রহ। পরে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরির দেখা পান লোকেশ রাহুল ও রিশভ পান্ত। দুজনের ব্যাটিং ঝলকে ৩৬৪ রান তোলে, ভারতীয়রা পায় ৩৭০ রানের লিড।
