উচ্চরক্তচাপ এখন ঘরে ঘরে। দিনের বিভিন্ন সময়ে রক্তচাপের মাত্রা বিভিন্ন রকম থাকে। কারণ, কখন কী কাজ করছেন, তার ওপর অনেকটা নির্ভর করে রক্তচাপ। অনেকের হঠাৎ শরীর খারাপ লাগতে পারে, ঘাড়-মাথায় প্রচণ্ড ব্যথা হতে পারে। আচমকা এমন হলে ধরে নেওয়া হয় রক্তচাপ বেড়েছে।
রক্তচাপ বাড়লে মাথায় কষ্ট হয় কেন
চিকিৎসকদের মতে, উচ্চরক্তচাপ মানবদেহের সংবহনতন্ত্রের প্রভাব ফেলতে পারে। ফলে রক্ত সঞ্চালনে সমস্যা হয়। হৃদযন্ত্রে রক্ত এবং অক্সিজেন সঠিক মাত্রায় না পৌঁছলে, রক্তবাহিকাগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলে। হৃদযন্ত্র থেকে ধমনির মাধ্যমে সারাশরীরে ছড়িয়ে পড়া বিশুদ্ধ রক্ত, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনার কাজে লাগে। সেখানে রক্তের ঘাটতি হলে সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলোও কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে প্রথম সমস্যা শুরু হয় মস্তিষ্কে। এর পর একে একে চোখে এবং কিডনিতেও এর প্রভাব পড়ে।
মস্তিষ্কে কেমন প্রভাব পড়ে রক্ত সঞ্চালন কম হলে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মতো মস্তিষ্কেও রক্ত পৌঁছতে পারে না। হার্টের ধমনির মতোই মস্তিষ্কের ধমনিতেও ক্ষতি করে উচ্চ রক্তচাপ। ধমনি বা রক্তবাহিকাগুলোতে রক্তের গতি অবরুদ্ধ হলে তখনই স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শুধু তাই নয়, মস্তিষ্কে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটলে স্নায়ুর সমস্যাও দেখা দেয়।
চোখে কেমন প্রভাব পড়ে চোখের মধ্যে রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য যে সূক্ষ্ম রক্তবাহিকাগুলি থাকে, সেগুলির ক্ষতি করে উচ্চরক্তচাপ। রেটিনার পিছনে থাকা টিস্যুগুলো নষ্ট হয়ে গেলে পুনরায় চোখের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। চোখে ঝাপসা দেখা, কিছু ক্ষেত্রে রক্ত পড়ার মতো ঘটনাও ঘটতে দেখা যায়।
কিডনিতে কেমন প্রভাব পড়ে শরীরের যত বর্জ্য পদার্থ, অতিরিক্ত তরল ছেঁকে শরীর থেকে বের করে দেয় কিডনি। রক্তচাপ বেড়ে গেলে কিডনি এই কাজ সঠিকভাবে করতে পারে না। ফলে বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণহীন উচ্চরক্তচাপের কারণে কিডনি বিকল হয়ে যেতেও পারে।
