আনন্দঘন সামাজিক উৎসবের মধ্যে বিয়ের অনুষ্ঠান রয়েছে একেবারে প্রথম স্থানে। আর এ বিয়ের অনুষ্ঠান সব দেশে একইভাবে অনুষ্ঠিত হয় না। দেশ, ধর্মভেদে এ অনুষ্ঠানের রয়েছে ভিন্নতা।বাংলাদেশে ধর্মভেদে বিয়ের অনুষ্ঠানে ভিন্নতা দেখা যায়। তবে ধর্মের পাশাপাশি দেশ বা ভাষা ভেদেও বিয়ের অনেক পার্থক্য রয়েছে এ দেশে।এ দেশের নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষীদের বিয়ের অনুষ্ঠানগুলোতে তাই চোখে পড়ে ভিন্ন ধরনের আয়োজন। অবাঙালিদের বিয়ের অনুষ্ঠানের পুরো সময় জুড়ে থাকে উৎসবের আমেজ।

এ অঞ্চলের প্রায় ৮০ ভাগ জনগোষ্ঠীই হলো উর্দুভাষী। যাদের কৃষ্টি ও সংস্কৃতিতে রয়েছে সম্পূর্ণ ভিন্নতা। ফলে তাদের বিয়ের অনুষ্ঠানগুলো সাধারনের বিয়ের চেয়ে অনেক আলাদা হয়ে থাকে। তবে অতীত ঐতিহ্যের কিছুটা ম্লান হলেও এখনও তা পুরোপুরি শেষ হয়নি বলা যায়।পুরো বিয়ের অনুষ্ঠান জুড়ে থাকে বর্ণিল আয়োজন। হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বর-কনে সাজানো পর্যন্ত থাকে তাদের অতীত রীতিনীতি।এ অঞ্চলের অবাঙালিদের বিয়ে বিষয়ে মুসলিম নিকাহ্ রেজিস্টার কাজী মো. সাইদুর রহমান বলেন, সৈয়দপুরে উর্দুভাষীদের বিয়েতে আনন্দ উৎসবের ভিন্নতা থাকে। সেই সঙ্গে এখানকার বেশির ভাগই তারা যৌতুকবিহীন বিয়ের আয়োজন করেন।

এসব বিয়েতে দেখা যায়, ঢোল বাজিয়ে নেচে গেয়ে বরযাত্রীদের কনের বাড়িতে আসতে। বিয়ের বিশেষ রীতির মধ্যে রয়েছে পান পাতা দিয়ে মুখ ছেকে, দুধ খাইয়ে বর-বধূ বরণসহ বিদায়ের অনুষ্ঠান। এসব রীতি মানুষকে অনেকটাই আকৃষ্ট করে।বিয়েতে শুধু আমন্ত্রিত অতিথিই নয়, আশপাশের সব মানুষের সঙ্গে মেলবন্ধনও তৈরি করে এসব অনুষ্ঠান। সকালে শুরু হওয়া এসব বিয়ের আনুষ্ঠানিকতা চলে গভীর রাত পর্যন্ত।