বাংলাদেশের প্রধান খাদ্যের মধ্যে রয়েছে ভাতের নাম। আর এই ভাত হয় চাল থেকে। তাই নিত্যপ্রয়োজনীয় চাহিদার তালিকায় চালের নাম থাকে সবার ওপরে। কিন্তু আপনি কি জানেন, চালের একটি মারাত্মক রোগ আছে?যেহেতু প্রতিদিনই সবাই ভাত খেয়ে থাকেন, তাই চালের রোগ সর্ম্পকেও আপনাদের অবগত থাকা প্রয়োজন। যেন সঠিক চালটি বাড়িতে নিয়ে আসতে পারেন।
চালের একটি মারাত্মক রোগ বিপিবি। এর পূর্ণরূপ হলো ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট। ব্যাকটেরিয়াজনিত এই রোগকে বাংলায় দানা পচা রোগ বা দানা ঝলসানো রোগও বলা হয়ে থাকে।কৃষি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে বার্কহোলডেরিয়া গ্লুমাই নামের এক ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয় ধান।এই ব্যাকটেরিয়া হলুদ পিগমেন্টেড বিষাক্ত টক্সোফ্লাভিন উপাদান নিঃসৃত করে। যার কারণে রোগে আক্রান্ত ধানের দানাগুলো ধূসর, কালো কিংবা গোলাপি রং ধারণ করে।স্বাভাবিক ধানের চেয়ে রোগে আক্রান্ত ধান বেশ হালকা হয়। সংক্রমিত শিষের নিচের অংশ সবুজ থাকে। আর ওপরের অংশে ছোট ধানগুলো সঠিকভাবে দানা বাঁধতে পারে না।
গবেষণায় দেখা গেছে, যখন দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, সেই পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ানোর সুযোগ পায়।উল্লেখ্য, রোগাক্রান্ত বীজ হতে চারা উৎপাদন করে আবার আবাদ করা হলে ধানের এই রোগ নিয়ন্ত্রণের আর কোনো সুযোগ থাকে না। পাশাপাশি অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার এই রোগের বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে বলে মনে করা হচ্ছে।ময়মনসিংহের উপসহকারী কৃষি অফিসার সোহেল রানা মনে করেন, ধান চাষে ব্যবহার করা উচিত জৈব সার। পাশাপাশি অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করার ওপরও গুরুত্ব দেন তিনি।ধানের বীজ রোপণে ব্যবহার করা উচিত বিপিবি প্রতিরোধী জাতের ধান। জমিতে তা রোপণ করার আগে ছয় দিন ধরে সেই বীজ রোদে শুকিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অক্সালিনিক অ্যাসিড দিয়ে বীজ শোধন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ধানের চারা রোপণ করার সময় খুব ঘন করে রোপণ না করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেও এই রোগ প্রতিরোধ করা সম্ভব। কৃষকরা কপার-অক্সিক্লোরাইড (কপার ব্লু), কাসুগামাইসিন (কাসুমিন ২%) , বিসমার্থিওজল (ব্যাকট্রোবান), ক্লোরো-আইসোব্রমাইন সায়ানুরিক অ্যাসিড (ব্যাকটাফ) (বাংলাদেশের বাজারে পাওয়া যায়) জাতীয় বালাইনাশক প্রয়োগ করেও ধানের এ রোগটি নিয়ন্ত্রণ করতে পারেন।এতে চাষি যেমন তার উৎপাদিত চালকে রোগের হাত থেকে বাঁচাতে পারবেন, তেমনি ভোক্তাও পারবেন ভালো মানের চাল কিনতে।
