গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৪৯ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৩৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৪৩৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১১৪ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।