রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু বেড়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল চারজন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় মৃত্যু বেড়েছে দেড়গুণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে বাকি পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও বগুড়ার একজন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এ নিয়ে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১১১ জন রোগী। আর গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে থেকে পজেটিভ পাওয়া গেছে ১৩ জন যা ৫.৬৮ শতাংশ।