শিল্প ও বানিজ্য মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অনুষ্ঠানে মহানগর এলাকার ৫২ জন জটিল রোগীর মধ্যে প্রত্যেকে এক লাখ টাকা করে মোট ৫২ লাখ টাকা বিইএফটিএন-এর মাধ্যমে প্রদান করা হয়। তাছাড়া বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ১৫ জন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন অনুদান বিতরণ করা হয় হয়েছে।
মন্ত্রী বলেন, সকল পেশা ও শ্রেণির মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। নারী সমাজের উন্নয়ন ও সম অধিকার প্রতিষ্ঠায় সরকার নারীদেরকে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ ৭টি জটিল রোগের BEFTN মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শফিক নূর, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি ফাতেমা জামান রুজি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ।