চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনায় বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ এক যুগ ধরে একই ডেস্কে বসে ফলাফল প্রস্তুতের সুযোগকে কাজে লাগিয়ে তারা এই জালিয়াতি চক্র গড়ে তুলেছিলেন বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।
গত বুধবার রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করে পাঁচলাইশ মডেল থানায় সোপর্দ করা হয়। শনিবার (২১ নভেম্বর) পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬) এবং স্ক্যানিং বিভাগের দুই কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭)। তাদের মধ্যে আবদুল মালেকের মূল বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হলেও তিনি নগরীর চকবাজার এলাকায় বসবাস করেন। এছাড়া ফরহাদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এবং শহিদুল আলম জিসানের বাড়ি নগরীর হালিশহরে।
সিআইডি সূত্র জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১০টি বিষয়ে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীর নম্বর অস্বাভাবিকভাবে বাড়িয়ে তাকে কৃতকার্য দেখানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও সংশ্লিষ্ট ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. রাসেল জানান, মামলাটির তদন্তে নেমে ফলাফল প্রস্তুতের সাথে যুক্ত এই তিন কর্মীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে কেউ কেউ টানা ১৩ বছর ধরে বোর্ডের একই শাখায় কর্মরত ছিলেন। এই চক্রের সঙ্গে বোর্ডের ভেতরের বা বাইরের আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন