ইরানের কয়েকজন তেল ব্যবসায়ী ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তেহরানকে বিদেশে তেল বিক্রি করতে সহায়তা করেছে তারা।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপটি দুটি নির্বাহী আদেশের আওতায় কার্যকর করা হয়েছে। এরমধ্যে একটি ইরানের পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল ও বিমান চলাচল খাতকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, আর অন্যটি সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা সবসময় নিজেদের নাগরিকদের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। এই শাসনব্যবস্থা তাদের সমুদ্রপথে তেল সরবরাহের সক্ষমতা হারিয়ে ফেলেছে; এমনকি ইতোমধ্যে যে তেল বিক্রি হয়েছে, তার অর্থও হয়তো তারা আর কখনোই পাবে না। তাদের জাহাজটি এখন ডুবছে।’
বিভাগটি আরও জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাভাদ বাভান্দ এবং ইরানি ফুটবল ফেডারেশনের প্রধানের ভাই মজিদ তাজ একটি নেটওয়ার্ক পরিচালনা করছেন। এই নেটওয়ার্কটি ইরানের ফুরিয়ে আসতে থাকা তেল ভাণ্ডার থেকে তেল বিক্রি করছে, যদিও সরকারের কাছে তাদের বিলিয়ন ডলার পাওনা রয়েছে।

মন্তব্য করুন