বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা তিন দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে সেন্টমার্টিন দ্বীপ ছাড়তে শুরু করেছেন আটকে পড়া পর্যটকেরা। সাগরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় শনিবার (২১ নভেম্বর) সকালে তিনটি সার্ভিস ট্রলারে করে ১৬০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এখনো দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক অবস্থান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়। এতে ভ্রমণে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, শনিবার সকাল থেকে সাগর কিছুটা শান্ত হওয়ায় জরুরি প্রয়োজনে ফিরতে ইচ্ছুক পর্যটক ও স্থানীয়দের নিয়ে তিনটি ট্রলার টেকনাফের উদ্দেশে ছেড়ে গেছে।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘যাঁদের জরুরি কাজ রয়েছে, আপাতত তাঁদের সার্ভিস ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পাঠানো হচ্ছে। আবহাওয়া পুরোপুরি অনুকূলে এলে এবং জাহাজ চলাচল শুরু হলে বাকিরাও নিরাপদে ফিরতে পারবেন।’
টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বলেন, ‘দ্বীপে অবস্থানরত পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রশাসন নিয়মিত পর্যবেক্ষণ করছে। সাগর পুরোপুরি স্বাভাবিক হওয়ামাত্রই পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।’

মন্তব্য করুন