চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে টহল পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
​এ ঘটনার পর থেকে বাড়িটি ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
​পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ভেতরে প্রবেশ করেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
​উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে ড. মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক নিবাস হলেও পাঁচলাইশের এই বাড়িতেই তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ধারাবাহিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।