সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর) ভোরে ও সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনে একটি খালি জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর গোপন বৈঠকের ঘটনা ঘটে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ফরহাদ আহমদ (১৯) ও ৪ নম্বর আসামি ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নিজ নিজ বাড়ি থেকে মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহমদ (৫৯) ও আলী হোসেন (৩৪) কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ১১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-১১/৩৫০ দায়ের করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনে একটি খালি জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর গোপন বৈঠকের ঘটনা ঘটে। উক্ত গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন