ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরাইলের বড্ডাপাড়া এলাকায় সমাজ উন্নয়ন কেন্দ্রের (সুক) হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সবুজ দাবি করেন, ২০১৭ সাল থেকে কাতারে জাহাঙ্গীরের সঙ্গে যৌথভাবে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে আসছেন তিনি। বর্তমানে দুটি সুপার মার্কেট, দুটি রেস্টুরেন্ট ও গাড়ির ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসায় তাঁর বিনিয়োগ রয়েছে। এসব ব্যবসার হিসাব অনুযায়ী জাহাঙ্গীরের কাছে তাঁর পাওনা প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল।
তিনি অভিযোগ করেন, পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে জাহাঙ্গীর তাঁকে ৩ কোটি টাকার একটি চেক দেন। গত ২৭ অক্টোবর চেকটি ব্যাংকে জমা দিলে হিসাব ব্লক থাকায় তা নগদায়ন হয়নি। এ ঘটনায় আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশও পাঠিয়েছেন তিনি।
সবুজ আরও দাবি করেন, সমঝোতার একাধিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কারও সম্পদ অন্যায়ভাবে নয়, বরং নিজের বিনিয়োগ ও হিসাব অনুযায়ী পাওনা ফেরত চান। সংবাদ প্রকাশের ক্ষেত্রে একতরফা বক্তব্যের পরিবর্তে উভয় পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাইয়ের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রচলিত আইনের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, হানিফ আহমেদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, ব্যবসা, প্রপার্টি ও বিভিন্ন কাজের জন্য উল্টো হানিফ আহমেদের কাছেই তাঁর ৫ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এ বিষয়ে তিনি আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন নিয়ে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন