চট্টগ্রাম মহানগরীর গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ও ট্রেড লাইসেন্স ফি’র বকেয়া পরিশোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে করদাতা ও ব্যবসায়ীদের জন্য দেওয়া হয়েছে বড় ধরনের সুবিধা। বকেয়া কর ও ফি পরিশোধের ক্ষেত্রে শতভাগ সারচার্জ (বিলম্ব ফি) মওকুফের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নাগরিকরা এই বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। নির্ধারিত এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করলে করদাতা ও ব্যবসায়ীদের অতিরিক্ত কোনো সারচার্জ বা জরিমানা গুণতে হবে না।
রোববার (৮ নভেম্বর) চসিকের রাজস্ব বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সারচার্জ মওকুফের এই বিষয়টি নিশ্চিত করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি নগরবাসীকে সময়মতো নিয়মিত কর পরিশোধে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মহানগরীর সংশ্লিষ্ট সকল গৃহকরদাতা ও ব্যবসায়ীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সারচার্জ ছাড়া বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের জন্য চসিকের রাজস্ব বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
চসিক কর্মকর্তারা আশা করছেন, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে গতি আসবে এবং নগরবাসীও জরিমানা ছাড়া তাদের বকেয়া পরিশোধের সুযোগ পাবেন।

মন্তব্য করুন