খাগড়াছড়ির রামগড় সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০৪.৪১ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৪৩৫ টাকা।
​গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাচারীপাড়া সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
​রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ লাচারীপাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাঠ ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য সীমান্ত দিয়ে চোরাচালান এবং বনাঞ্চলের অবৈধ কাঠ পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত কাঠ আইনানুগ প্রক্রিয়া অনুসরণে বন বিভাগের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।