ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় আড়াইশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “সকল বিভেদ ও মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মীরসরাইয়ের মানুষ একটি পরিবারের মতো। এখানে কোনো গোষ্ঠী বা বিভাজন থাকা চলবে না; সবাই এক ও অভিন্ন।” বক্তারা আরও যোগ করেন, পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এলাকার উন্নয়নে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন