উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কর অফিস প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের জন্য রাজশাহীসহ আশেপাশের কয়েকটি জেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিটিএলএ-এর সভাপতি আলহাজ্ব রমিজ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল মতিন। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিসহ আগত অন্যান্য অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন আইনজীবীদের সাহসিকতার প্রশংসা করে বলেন, “বিএনপির চরম দুঃসময়ে এই আইনজীবীরা দলের জন্য মজবুত ঢাল হিসেবে কাজ করেছেন। বিগত দিনে যখন দলের নেতাকর্মীদের ওপর একের পর এক মিথ্যা মামলা ও জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তখন আপনারাই সাহসিকতার সঙ্গে আইনি লড়াই চালিয়ে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শের আইনজীবীদের এই অসামান্য অবদান দল চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।” নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী দিনেও দেশ, জনগণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের রাজশাহী ইউনিটের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মো. এজাজ হোসেন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুনতাসীর মামুন। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল মতিনসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরে কয়েকটি জেলা ইউনিটের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিগুলোর মধ্যে রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩১ জন এবং সম্মানীত উপদেষ্টা মণ্ডলীতে
প্রধান উপদেষ্টাসহ ৫ জন সদস্য রয়েছেন।এছাড়া নাটোর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং পাবনা জেলা ইউনিটের ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি অনুমোদন লাভ করেছে। নবগঠিত এই কমিটিগুলো আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবে।