ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ জানান, নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শরীরে ব্যবহারের জন্য ক্যামেরা দেওয়া হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
ভোটারদের আশ্বস্ত করে ইসির সিনিয়র সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন