ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট সম্প্রসারণের মাধ্যমে নতুন এ সেবা চালু করা হয়েছে। এতে এ রুটে চলাচলকারী ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়।

নতুন ট্রেনের শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। আর এসি চেয়ারের ভাড়া প্রায় ১ হাজার ৩১১ টাকা। ট্রেনটিতে মোট ৭০৬টি আসন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সম্প্রসারিত রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের চাহিদা বেশি থাকলেও ইঞ্জিন ও কোচের স্বল্পতার কারণে এতদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধা বাড়াতেই নতুন এ সেবা চালু করা হয়েছে। বর্তমানে তিন জোড়া ট্রেন চলাচল করলেও পর্যায়ক্রমে এ সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে ১২টি মধ্যবর্তী স্টেশনে। স্টেশনগুলো হলো বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম। নতুন সেবা চালুর ফলে কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকছে না।

সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উভয় পথে নির্ধারিত যাত্রাসময় ৯ ঘণ্টা ৩০ মিনিট।

ট্রেনটির রক্ষণাবেক্ষণ, পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ কক্সবাজারে সম্পন্ন হবে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।