‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নয়। এ ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন। তাঁর ভাষায়, “এটা ঠিক হয়নি, উচিত হয়নি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।
তিনি বলেন, অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।
ওই অনুষ্ঠানে পুলিশি বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে আইজিপি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন