বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের মিষ্টি কথোপকথন আবারও নজর কেড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফের একটি ভিডিওতে মন্তব্য করে স্বামীর প্রশংসা করেছেন কারিনা। জবাবে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইফও।
সম্প্রতি ইনস্টাগ্রামে বাড়িতে ইলেকট্রিক গিটার বাজানোর একটি ভিডিও শেয়ার করেন সাইফ। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘ছন্দ খুঁজে পেয়েছি, তাল হারিয়েছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’
ভিডিওতে নীল কুর্তা ও সাদা পায়জামা পরা সাইফকে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। তাঁর সঙ্গে কয়েকজন সংগীতশিল্পীও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন।
ভিডিওটির মন্তব্যের ঘরে কারিনা লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’
স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর নজর।’ রসিকতার ছলে দেওয়া এ মন্তব্যের মাধ্যমে স্ত্রীর প্রশংসায় যেন কারও কুনজর না লাগে, সেই কথাই বুঝিয়েছেন অভিনেতা।
সাইফ ও কারিনা ২০১২ সালে বিয়ে করেন। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে কারিনা জানিয়েছিলেন, তাঁকে বিয়ের প্রস্তাব দিতে সাইফকে তিনবার চেষ্টা করতে হয়েছিল। মুম্বাই ও গ্রিসের পর প্যারিসে গিয়ে সাইফের প্রস্তাবে শেষ পর্যন্ত সম্মতি দেন তিনি।
কারিনার সেই বক্তব্যের পর সাইফও মজা করে বলেছিলেন, তিনি যদি মুম্বাইতেই বিয়েতে রাজি হতেন, তাহলে তাঁর অনেক টাকা বেঁচে যেত।
দীর্ঘ দাম্পত্য জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়ার পাশাপাশি এমন রসিকতা দিয়েও ভক্তদের মন জয় করে চলেছেন এই তারকা দম্পতি।

মন্তব্য করুন