মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার মধ্যে ইরানের সীমান্তের কাছাকাছি গিয়ে ফিরে এসেছে ইসরায়েলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়। ইরানকে সামরিক শক্তির বার্তা দিতেই এ তৎপরতা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল থেকে ৮০০ মাইলেরও বেশি দূরে পরিচালিত এ অভিযানে যুদ্ধবিমানগুলো সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরানের সীমান্তের দিকে অগ্রসর হয়। সম্ভাব্য সামরিক হামলার ক্ষেত্রে ইসরায়েল যে পথ ব্যবহার করতে পারে, বিমানগুলোর উড্ডয়নপথও ছিল অনেকটা সে রকম।
তবে ইরানের সীমান্তের কাছে পৌঁছানোর পর যুদ্ধবিমানগুলো দিক পরিবর্তন করে ইসরায়েলে ফিরে আসে। অভিযানটির উদ্দেশ্য নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ সামরিক তৎপরতা এমন সময়ে চালানো হলো, যখন ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
একই দিন ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানগুলোর অভিযান তাঁর সফরের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।

মন্তব্য করুন