৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাতে যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই দলই ৩০৪ রান সংগ্রহ করে।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান করে আফগানিস্তান। জবাবে ৮ উইকেট হারিয়ে একই রানেই থামে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে না পারলেও ম্যাচ টাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নয় নম্বরে ব্যাট করতে নামা রুবায় ইসলাম রিজন।
মাত্র ১৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন তিনি। শেষ ওভারে ১৪ রান তুলে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন রিজন।
এর আগে বাংলাদেশের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল। ৩৫তম ওভারে তিন উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ২২০ রান। আবদুল্লাহ আল মুহি ৫০, আলামিন হোসেন রনি ৭১ এবং আহসান আল মুমিন ৫৬ রান করেন। জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান।
তবে এরপর মাত্র ৪৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে রিজনের দৃঢ়তায় ম্যাচে ফেরে দল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের পক্ষে নোমান সালারজাই সর্বোচ্চ ৭৬ রান করেন। ফরিদুল্লাহ ইহসাস করেন ৫১ রান। এ ছাড়া তাহির সারওয়ারির ৪৩ এবং আমির হামজার ২১ রানের ঝোড়ো ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয়।
বাংলাদেশের হয়ে রুবায় ইসলাম রিজন চারটি এবং জেকে শরিফ সিয়াম দুটি উইকেট নেন।
শেষ পর্যন্ত দুই দলের সমান সংগ্রহে শেষ হয় রোমাঞ্চকর ম্যাচটি।

মন্তব্য করুন