অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রীতিমতো আতঙ্কের মুখে পড়লেন ভারতের মডেল ও টেলিভিশন উপস্থাপক আকাঙ্ক্ষা চৌধুরী। তাঁর অভিযোগ, ইচ্ছার বিরুদ্ধে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয় তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গাড়ি থামাতে সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারতে বাধ্য হন তিনি।

ভারতের পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন আকাঙ্ক্ষা। তাঁর দাবি, আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁর যাতায়াতের ব্যবস্থা করা হয়নি।

পরে অনুষ্ঠানস্থলে নেওয়ার জন্য তাঁকে জোর করে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ করেন তিনি। সেখানে পৌঁছানোর পর নিজের দল সঙ্গে না থাকায় ভেতরে যেতে অস্বীকৃতি জানান আকাঙ্ক্ষা। নিরাপত্তাহীনতার কথা জানালেও আয়োজকদের প্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব দেননি বলে অভিযোগ তাঁর।

আকাঙ্ক্ষার ভাষ্য, সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁর কথা শুনছিলেন না, বরং হাসাহাসি করছিলেন। একপর্যায়ে তাঁদের চড় মারার পর গাড়িটি থামে।

ঘটনাটিকে অপহরণের মতো অভিজ্ঞতা উল্লেখ করে আকাঙ্ক্ষা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পারিশ্রমিক পরিশোধ এবং প্রচারে তাঁর ছবি ব্যবহারের বিষয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য জানা যায়নি।