মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন তিনি।

সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাবেন আরও জোরালোভাবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে রোববার রাতে ইশরাকের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাঁর প্রেস কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর ইশরাককে ঘিরে বিতর্ক ও সমালোচনা শুরু হয়।

এরপর রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়।

এখন দুপুরের সংবাদ সম্মেলনে ইশরাকের বক্তব্য এবং পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।