রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশে তাঁর মরদেহ পাওয়া যায়।

ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর ভবনের নিচতলায় তাঁর মরদেহ পাওয়া যায়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, চোখে কম দেখার কারণে মোশাররফ হোসেন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে।

পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে দাফন সম্পন্ন করা হবে।