ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের সাতটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যাত্রীদের। কিন্তু সংশ্লিষ্ট রুটে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় অবস্থানরত যাত্রীরাও গন্তব্যে যেতে পারছেন না।

এর আগে, ১১ অক্টোবর হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর প্রভাবে সৌদি আরবগামী বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রেখেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।