আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। তবে আফগানিস্তানের বোলিং কৌশলের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে। ৭১ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শুক্রবার আবুধাবিতে টসের পর ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তামিম। আফগান পেসারদের অফ স্টাম্পের বাইরের বলগুলো কাজে লাগিয়ে কভার ড্রাইভ থেকে মিডউইকেট—বিভিন্ন দিক দিয়ে রান তুলেছেন তিনি। মাত্র ৪১ বলে অর্ধশতক পূর্ণ করার পরও আগ্রাসন কমাননি।
নিজের ইনিংসে আটটি চার ও চারটি ছক্কা হাঁকান তামিম। তার ৮৩ রানের মধ্যে ৫৬ রানই আসে বাউন্ডারি থেকে। স্ট্রাইক রেট ছিল ১১৬ দশমিক ৯। অন্য প্রান্তে সাদমান ইসলাম খেলছিলেন ধীরস্থিরভাবে। দুজনের উদ্বোধনী জুটিতে মাত্র ১৮ ওভারেই ১০০ রান পেয়ে যায় বাংলাদেশ।
স্পিনারদের বিপক্ষেও দাপট দেখান তামিম। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলেন তিনি। জিয়া-উর-রহমানের বলে পরপর ছক্কা হাঁকানোর পাশাপাশি হাশমতউল্লাহর বলেও চার ও ছক্কা মারেন। তার ব্যাটিংয়ে শুরুতে কার্যকর কোনো জবাব খুঁজে পাচ্ছিলেন না আফগান বোলাররা।
পরিস্থিতি সামাল দিতে কৌশল পরিবর্তন করে আফগানিস্তান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলতে অভ্যস্ত তামিমকে থামাতে উইকেটকিপার ইকরাম আলিখিলকে স্টাম্পের কাছে নিয়ে আসা হয়।
এরপর ইসমত আলম অফ স্টাম্পের বেশ বাইরে শর্ট লেংথের বল করেন। বলটি খেলতে গিয়ে ব্যাট ছোঁয়ান তামিম। হালকা এজে বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। তাতেই থেমে যায় তামিমের ঝোড়ো ইনিংস এবং হাতছাড়া হয় সেঞ্চুরির সুযোগ।

মন্তব্য করুন